Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬ , ৫:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩০, ২০২৬ , ২:৪৩ অপরাহ্ণ

নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে সাবাড়, কৃষকের ৩ লাখ টাকা ক্ষতি

লেখকঃ সাকিব হাসান নাইম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম আগামীর সময়কে জানান, তিনি ২৫ শতাংশ জমিতে ৬০০ শিম গাছ চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলনও হয়েছিলো,বর্তমান বাজার অনুযায়ী শিম গুলো বিক্রি করতে পারলে
প্রায় ৩ লাখ টাকার মত বিক্রি হতো।

ফসল বিক্রি করে পরিবারের আর্থিক চাহিদা পূরণের স্বপ্নও ছিল । কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা শিমগাছগুলো কেটে ফেলেছে। এতে করে দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে পড়েছে।

স্থানীয় শরিয়ত ইসলাম জানান, একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল ফলান। রাতের আঁধারে এভাবে ৬০০ শিমগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষক হাফিজুল ইসলাম বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

স্থানীয় রাহেনা বেগম জানান, কৃষকের ফসলই তাঁর আয়ের অন্যতম উৎস। অনেক আশা নিয়ে শিমগাছগুলো পরিচর্যা করেছিলেন হাফিজুল ইসলাম। এভাবে গাছ কেটে দেওয়ায় তাঁর অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, উপজেলার মালদহ গ্রামের কৃষক হাফিজুল ইসলামের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন