রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা ও সাহিত্য-সংস্কৃতির নিবিড় পৃষ্ঠপোষক শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য সম্মেলন ২০২৬’। বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার। এ পর্বে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
এদিকে সম্মেলনে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদার।
দিনব্যাপী এ সাহিত্য সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন। এতে কবিরা তাঁদের নিজস্ব কবিতা পাঠের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতি, রাজনৈতিক ও সামাজিক অবদান এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি তাঁর পৃষ্ঠপোষকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি সাহিত্যচর্চাকে উৎসাহিত করা, কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বরিশালের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনকে আরও সমৃদ্ধ করতেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
আজকালের কন্ঠ/আর বি