নওগাঁর আত্রাইয়ে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। ডিলারদের দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় সার না পেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের কাছে প্রতিকার চান তাঁরা।
কৃষকদের অভিযোগ, কেউ রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না, আবার কেউ টানা তিন দিন ডিলারের দোকানে ঘুরেও সার সংগ্রহ করতে পারেননি। বিশেষ করে ইউরিয়া সার পাওয়া গেলেও অন্যান্য ধরনের সার পেতে সমস্যায় পড়ছেন তাঁরা। এতে সময়মতো চাষাবাদ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষক আয়নাল হোসেন বলেন, তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও এক বস্তা সার পাননি তিনি। মধ্য বোয়ালিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, এক ডিলারের কাছে সার না পেয়ে অন্য ডিলারের কাছে যেতে বলা হলেও সেখানেও সার পাওয়া যাচ্ছে না।
কৃষক আফজাল হোসেন বলেন, তাঁর প্রায় ছয় বস্তা সার প্রয়োজন হলেও শুধু ইউরিয়া পেয়েছেন। ধুলাউড়ি গ্রামের কৃষক আলতাব হোসেনের অভিযোগ, ইউরিয়া ছাড়া অন্যান্য প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না।
আত্রাইয়ের বিসিআইসি সার ডিলার মেসার্স নাজমুজ্জামানের স্বত্বাধিকারী নাজমুজ্জামান বলেন, উপজেলার চাহিদার তুলনায় সার বরাদ্দ ও সরবরাহ কম থাকায় কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, একজন ডিলারের কাছে সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা তাঁদের কাছে এসেছিলেন। পরে তাঁদের অন্য ডিলারের কাছ থেকে সার নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলায় সার সংকট নেই। তবে একসঙ্গে অনেক কৃষক সার নিতে আসায় কিছুটা সমস্যা হচ্ছে। এ বিষয়ে একাধিক সভা করা হয়েছে। সার না পাওয়ার অভিযোগ নিয়ে আসা কৃষকদের সার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর বি