সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় মাদক, মোবাইল যন্ত্রাংশ এবং এক চিহ্নিত চোরাকারবারীকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বিজিবির পদ্মশাখরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির টহল দল পৃথক এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির একটি দল সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গার মুখ নামক স্থান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসারিক্স সিরাপ জব্দ করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির অভিযানে ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া বৈকারী বিওপি এলাকার কাপালিপাড়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত চোরাকারবারীকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং চারটি সিম কার্ড (একটি ভারতীয় ও তিনটি বাংলাদেশি) উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে দেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালান রোধ ও দেশীয় শিল্প রক্ষায় বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনতাও বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।