Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

লেখকঃ মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উদযাপন পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে উপাচার্যের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় তিনি বলেন, ‘মানুষের সেবা করার চেয়ে বড় ধর্ম নেই। মানুষে মানুষে ভেদাভেদ রেখে ধর্ম পালন করা যায় না। প্রত্যেক মানুষই অনন্য সত্তা ও গুণের অধিকারী। আমরা নিজেরাও জানি না, আমাদের কাকে দিয়ে কোন উপকার হবে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পথ সুদূরপ্রসারী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা পূজার আনন্দ উপভোগ করে এসেছি। আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে শিখেছি সেই সময় থেকেই। আগামীর বাংলাদেশ সবার হাত ধরেই এগিয়ে যাবে—আমরা সেই প্রত্যাশা রাখি।’

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষার্থী উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরপ্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন