Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬ , ১২:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে একনলা বন্দুক ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকচর ফরাজি বাড়ির বাহারের ছেলে হাসান ওরফে শান্ত এবং আলমের ছেলে শরিফ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে হাসান ওরফে শান্তর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপারের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া শরিফের হেফাজতে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, দুইজনের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১৭০ পিস। অভিযানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্ব বহন করছে।

মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্র ও মাদকের উৎস, সরবরাহের পথ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট করুন