নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চিলাহাটির মাস্টারপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা তারিক আকরাম তপন (৫৫), কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং যুবলীগ কর্মী আনোয়ার হোসেন উজ্জ্বল (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর এলাকায় বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২৪ সালের ২১ অক্টোবর ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ২০। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমার থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।