তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়নভিত্তিক শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
হরিশংকরপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুজ্জামান রিন্টু মুন্সী, হরিশংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক মোঃ শহিদুজ্জামান সাইদ,হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নান্টু মিয়া ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, পানামী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর, যুবনেতা সাহিবুর, মুক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।