কুমিল্লার বাঙ্গরায় প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাগ্নে শিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় মধ্যপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদ মিয়ার ভাগ্নে শিপন মিয়ার সঙ্গে স্থানীয় এক নারী লাজুর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে শিপন তাঁর মামা মাসুদ মিয়াকে নিয়ে বিভিন্ন কুৎসা রটাতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার রাতে পরিকল্পিতভাবে মাসুদ মিয়াকে কোড়েরপাড় মধ্যপাড়া এলাকার ইসরাইলের বাড়ির পূর্ব পাশের একটি কাঁচা রাস্তায় ডেকে নেওয়া হয়। সেখানে শিপন ধারালো অস্ত্র দিয়ে মাসুদের গলার পেছনে, ঘাড়ের বাম পাশে, বুক, পিঠ, পেটের ডান পাশে ও পাঁজরে এলোপাতাড়ি কোপ দেন। এ ছাড়া তাঁর ডান হাঁটুর নিচেও গুরুতর জখম করা হয়।
মাসুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত শিপন রক্তমাখা ধারালো অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ২৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২১। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত অন্য কাউকে পাওয়া গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।’