Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬ , ৪:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৫, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকার অঙ্গীকার রেডক্রিসেন্টের

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্গম চরাঞ্চলে মানবিক সেবা সম্প্রসারণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার, ২৫ অক্টোবর,২৬ইং সকালে কুড়িগ্রামের দাদা মোড়স্থ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

সভায় বক্তারা বলেন, নদীভাঙন ও বন্যাপ্রবণ কুড়িগ্রামে প্রতিবছর বহু মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থায় নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব মানুষের দুর্ভোগ লাঘব এবং দুর্যোগের সময় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম জোরদার এবং অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও বক্তব্য দেন সহসভাপতি শামসুল ইসলাম মন্ডল, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জহুরুল আলম, কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেল, ইকবাল হোসেন চাঁদ, রেশমা সুলতানা ও হেদায়েত হোসেন এলিচ। এ সময় যুব রেডক্রিসেন্টের সদস্য ইকবাল রাব্বিও বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের অফিস কর্মকর্তা বায়োজিদ হোসেন। সভায় রেডক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন