Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৫:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৩:০৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি

লেখকঃ আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নাম ও সিল ব্যবহার করে মাদকসংক্রান্ত ভুয়া তালিকা তৈরি এবং তা দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান,

মাদকসংক্রান্ত একটি তালিকা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি প্রতারক চক্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তাঁর নাম ও সিল ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

চক্রটি পুলিশ সদস্য বা উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে কিংবা মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিতে মাদকসংক্রান্ত কোনো তালিকা, নোটিশ বা তথ্যের সত্যতা যাচাই না করে আতঙ্কিত না হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেউ পুলিশ পরিচয়ে ফোন করে, কোনো তালিকা বা কাগজপত্র দেখিয়ে কিংবা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি করলে কোনো ধরনের অর্থ লেনদেন না করে সরাসরি আগৈলঝাড়া থানায় যোগাযোগ করে বিষয়টি যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ফোনকল, হুমকি কিংবা টাকা দাবির ঘটনা ঘটলে দ্রুত থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতারক চক্রের এমন অপতৎপরতা প্রতিরোধে সকলকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ঘটনা সম্পর্কে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ।

প্রিন্ট করুন