Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৮:০৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৬ , ৪:৩৯ অপরাহ্ণ

মুরাদনগরে ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

লেখকঃ কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী এলাকার (সোনা মিয়ার বাড়ি) মো. মজনু মিয়া সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় মৃত বাবুল মিয়ার একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী ও এএসআই কাজী সুলতান আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হোসেনের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১১টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, মুরাদনগরকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন