পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামে এক দর্জি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপন দেবনাথ উপজেলা সদরের কাপুরিয়াপট্টি এলাকার ‘শ্রুতি টেইলার্স’এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপনের মরদেহ এলাকাবাসী দেখতে পান। পরে তারা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে সেখান থেকে কাউখালী থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। তিনি দোকানের কাজে মনোযোগ না দিয়ে মোবাইল গেম খেলায় বেশি সময় ব্যয় করতেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। ঘটনার আগে তার স্ত্রী মোবাইল নিয়ে গিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব তথ্যের সঙ্গে ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।