Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ

বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা

লেখকঃ এ,এস,মামুন গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী ও আমিনুল হক শাহিন। এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তাঁরা শান্তিপূর্ণ ও নিরাপদ বার্থী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে উপস্থিত হয়ে তাঁরা সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দফতর দায়িত্বে) রফিকুল ইসলাম কাজল।

বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী ও আমিনুল হক শাহিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বার্থী ইউনিয়নকে নিরাপদ, শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে।

তাঁরা আরও বলেন, আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের ঐতিহ্য ও শক্তি। এই সম্প্রীতি অটুট রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়, সে জন্য তাঁরা সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এচাহাক সেরনিয়াবাত, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক আ. সালাম মাঝি, উপজেলা যুবদল নেতা রাসেল রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে শান্তিপূর্ণ বার্থী গড়ার প্রত্যয় তুলে ধরা হয়।

প্রিন্ট করুন