Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ , ৫:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৬ , ৩:৪০ অপরাহ্ণ

আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিবেশ,নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার নাকতাড়া কালিবাড়ি সার্বজনীন দুর্গামন্দির,সব্দালপুর সার্বজনীন দুর্গামন্দির,মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গামন্দির ও বুধহাটা সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বাংলাদেশে এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে সরকার তিন দিনের ছুটি ঘোষণা করেছে। শুধু সাতক্ষীরা নয়, সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে এ উৎসব উদ্‌যাপন করতে হবে। পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। দুর্গোৎসবের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান,উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম,উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পূজা উদ্‌যাপন কমিটির নেতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন