Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৬ , ৩:১৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখকঃ মোঃ ইসমাইল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) অভিযানে ৪৫ বোতল বিদেশী মদ ও একটি সিএনজিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে সদর অভিমুখে যাওয়ার পথে মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পৈরতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে জাহিদ (৩২), শিমরাইলকান্দি এলাকার মৃত রহিম আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) এবং একই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে সজিব মিয়া (৩৪)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন বিজয়নগর টু ব্রাহ্মণবাড়িয়াগামী মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজিকে থামার সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএনজিসহ উক্ত তিনজনকে আটক করেন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে থাকা দুটি বস্তা থেকে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্ধকৃত আলামত ও আসামীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন