Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬ , ৮:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৬ , ৬:৪৪ অপরাহ্ণ

আত্রাইয়ের কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

লেখকঃ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ওষুধ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।সোমবার ১৯ অক্টোবর ২০২৬ সরেজমিনে গিয়ে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসেও অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মোঃ গয়ের আলী ও মো. মাহাবুব হোসেন বলেন, “জ্বর নিয়ে সকালে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম।কিন্তু ওষুধ নেই বলে জানানো হয়েছে। বাইরে থেকে ওষুধ কিনতে হবে। গরিব মানুষ কীভাবে ওষুধ কিনবে?”

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরে উপজেলা থেকে ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে বর্তমানে ওষুধের সরবরাহ নেই। ওষুধ এলে যথাযথ নিয়মে বিতরণ করা হবে।”

এদিকে, এলাকার বাসিন্দারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটিতে ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে কেন্দ্রটিতে নিয়মিত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রিন্ট করুন