Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬ , ১২:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ

সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়া হচ্ছে না : আলতাফ হোসেন চৌধুরী

লেখকঃ নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী

দেশকে অস্থিতিশীল করা, সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ধর্মীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিয়ে ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে—বিষয়টি মোটেও তেমন নয়।’ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি এসব অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীদের লক্ষ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানো। তবে এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের তৎপরতা সম্পর্কে সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজার আগে পুলিশ ‘দেবাশীষ’ নামে একজনকে গ্রেপ্তার করে। পরে ‘গুলশান আরা’ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। দুবাইপ্রবাসী ওই নারী দেশে ফিরে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করা হয়েছিল। এসব ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে দিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারকে দুর্বল হিসেবে উপস্থাপন এবং রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়াই ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, এসব নষ্ট করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভার আগে জেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন