বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ১৮ অক্টোবর রোববার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৩৪ বিজিবি জানায়” ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ও বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯শত টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, জি, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক, বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয় ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজাসহ সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে। এসব অভিযানে ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান আরও জোরদার করা হবে। মাদক বিরোধী কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সহযোগিতাও কামনা করেছে বিজিবি।