Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬ , ৬:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৬ , ৫:২০ অপরাহ্ণ

বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

লেখকঃ মোঃ শরিফুল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে পৌর মাদকবিরোধী কমিটির আয়োজনে উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বীরগঞ্জ-কাহারোল থেকে মাদক নির্মূলে আমি বদ্ধপরিকর। মাদকের প্রতিটি আড্ডাস্থলে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে এবং পুলিশকে খবর দিতে হবে। মাদক ব্যবসায়ীদের জন্য বীরগঞ্জ-কাহারোল-এর মাটিতে কোনো জায়গা হবে না।

তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংশোধনের সর্বাত্মক সুযোগ দেওয়া হবে। তবে এরপরও কেউ মাদক ব্যবসা বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।

এমপি মনজুরুল ইসলাম আরও বলেন, মাদক নির্মূলে বীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে কারা মাদক সেবন করছে এবং কারা মাদক বিক্রির সঙ্গে জড়িত, সে বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হবে। নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বীরগঞ্জ গড়তে তিনি দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন