শনিবার (১৭ই অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি ভবন) এর সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম ফকির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
সভায়, ২৫.১০.২০২৫ খ্রি. তারিখে ৫৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী দৃঢ়করণ; ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন; ২০২৫-২০২৬ সমবায় বর্ষের অনিরীক্ষিত হিসাব বিবরণী (জমা-খরচ, আয়-ব্যয়, উদ্বৃত্তপত্র) বিবেচনা ও অনুমোদন; ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষকের মন্তব্য অনুযায়ী হিসাব বিবরণী (জমা-খরচ, আয়-ব্যয়, উদ্বৃত্তপত্র) পর্যালোচনা ও অনুমোদন; ২০২৭-২০২৮ সমবায় বর্ষের প্রাক্কলিত বাজেট এবং ২০২৫-২০২৬ সমবায় বর্ষের সম্পূরক বাজেট অনুমোদন; ২০২৭-২০২৮ সমবায় বর্ষের জন্য ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ; ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদনে বর্ণিত নিরীক্ষকের মন্তব্যের উপ নিবন্ধক মহোদয়ের বরাবরে প্রেরিতব্য পরিপালনপত্র (অডিট সংশোধনী) অনুমোদন নিয়ে আলোচনা হয়।
এছাড়াও ইউনিয়নের উপ-আইনের ধারা ০৯ এর (খ) [০১ ও ০৫] আলোকে সদস্য পদ অপসারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত; ইউনিয়নের ওয়েবসাইট ও সফটওয়্যার ভিত্তিক অনলাইন কার্যক্রম বিষয় আলোচনা ও সিদ্ধান্ত; সমবায় সমিতির নিট মুনাফার উপর এনবিআর কর্তৃক ধার্যকৃত কর মওকুফের আবেদন রিট পিটিশন এর সিদ্ধান্ত গ্রহণ; ইউনিয়নের নামে ঢাকা সিটি কর্পোরেশন হতে ভূমি বরাদ্দ পাওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত; ইউনিয়নের ভূমি ক্রয়ের জন্য সরকার এবং দেশের সফল সমিতি হতে অর্থ সহায়তা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; ইউনিয়নের জন্য ডিপিপি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের উপর আলোকপাত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক মো. জসিম উদ্দীন, সহ-সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা’দাত ও মোঃ নজরুল ইসলাম এবং পরিচালক মোঃ ইকবাল আজম, মোঃ লতিফুর রহমান মোল্লা, মোঃ আবুল হোসাইন, মোঃ মনিরুজ্জামান ও মোঃ ইউসুফ হাওলাদার সহ সারা বাংলাদেশ থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।