নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার তিন আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) ও ছেলে হৃদয় ইসলাম (১৯)।
পুলিশ জানায়, ডোমার থানার এসআই আঙ্গুর মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এবং সিলেট জেলার র্যাব-৯-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৩ অক্টোবর রাত ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৫ অক্টোবর তাদের ডোমার থানায় নিয়ে আসা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মামলা সূত্রে জানা যায়, হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামারপাড়া এলাকার দেলোয়ার হোসেন ও আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৫ জুন সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবুল হোসেন, তাঁর স্ত্রী আমেনা বেগম ও ছেলে হৃদয় ইসলাম দেলোয়ার হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
গুরুতর আহত দেলোয়ারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নয় দিন পর ১৪ জুন তাঁর মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী বিলকিছ বানু বাদী হয়ে আবুল হোসেন, আমেনা বেগম ও হৃদয় ইসলামকে আসামি করে ডোমার থানায় হত্যা মামলা করেন।