Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৮:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৬:১২ অপরাহ্ণ

দিনাজপুরের উন্নয়নে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাব: সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, জনগণের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে পাথেয় করে দিনাজপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার লালবাগ গোরস্থানের দক্ষিণ দিকে সীমানাপ্রাচীর এবং লালবাগ এতিমখানা মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই টানা তিনবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং সবার সম্মিলিত ভোটে আজ আমি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।”

দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও সর্বদা দিনাজপুরবাসীর কল্যাণে পাশে থাকব।”

তিনি আরও বলেন, দিনাজপুরের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে দিনাজপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, লালবাগ গোরস্থানের সিনিয়র সহসভাপতি আক্তার আজিজ, বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহা. আলী এবং লায়ন্স ক্লাবের সহসভাপতি মো. শাহ আলমসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন লালবাগ ২ নম্বর মসজিদের খতিব আতিকুর রহমান।

প্রিন্ট করুন