নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির আলীফ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের রেখে যাওয়া মুঠোফোন নিতে একটি দোকানে গেলে দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানি রবিন রাংসা জানান, ঘটনার আগে দুই যুবক তাঁর দোকানে এসে সিগারেট কেনেন। পরে আলীফ মুঠোফোন নিতে এলে ওই দুই ব্যক্তি তাঁর পিছু নেন। এর কিছুক্ষণ পর তিনি তিনটি গুলির শব্দ শুনতে পান। ভয়ে তিনি দোকান থেকে বাড়ির ভেতরে চলে যান।
নিহতের স্ত্রী আনন্দিতা সরকার জানান, স্বামীকে গুলি করার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
নিহত আলীফ ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।