পিরোজপুরের জিয়ানগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জিয়ানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে উপজেলার বন্ধ বা থেমে থাকা উন্নয়নমূলক কাজ পুনরায় চালুর করতে উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার ব্যাপারেও আশ্বস্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) মোঃ ওয়ালিউর রহমান রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রাব্বানী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,”শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্হান বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।”
উপজেলার উন্নয়নমূলক বন্ধ বা থেমে থাকা কাজ পুনরায় চালুর ব্যাপারে তিনি বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। জিয়ানগর উপজেলায় যেসব উন্নয়নমূলক কাজ বন্ধ হয়েছে সেগুলো পুনরায় চালু করতে তিনি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন যাতে পুনরায় এসব কাজ চালু করে জনসাধারণের সমস্যা লাঘব করা যায়। দেশকে উন্নয়নে এগিয়ে নেওয়া যায়।”
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান,ইন্দুরকানি সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল রায়, পওাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।