Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৬:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

“সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর)দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরার যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস, এম, রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে অনন্য অবদান রাখতে পারে। সাদাছড়ি কেবল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের সহায়ক নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীলতা ও মর্যাদার প্রতীক। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং তাদের অধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার এবং তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এস, এম, রফিকুল ইসলাম বলেন, জেলা সমাজসেবা কার্যালয় সব সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেবা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও বেগবান করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও সহায়ক সামগ্রী বিতরণ করেন।

প্রিন্ট করুন