Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬ , ৯:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ৩:৫৬ অপরাহ্ণ

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবিপ্রবি

লেখকঃ রাবিপ্রবি প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। গত ৭ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীশ্রী দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

এদিকে বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। টানা ক্লাস-পরীক্ষার পর যেন স্বস্তির আবেশ ছড়িয়ে পরেছে বিশ্ববিদ্যালয় জুড়ে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নবনীতা চৌধুরী বলেন, “পুজোর জন্য সবারই অপেক্ষা থাকে, তবে আমার অপেক্ষাটা একটু অন্যরকম ছিল। অনেক দিন বাড়ি ফেরা হয় না, তাই এই পুজোর ছুটিটাই ছিল বাড়ি ফেরার একমাত্র সুযোগ। অনেকের কাছে পুজোর আনন্দ নতুন জামাকাপড়, শপিং আর মণ্ডপে মণ্ডপে ঘোরা, কিন্তু আমার কাছে পুজোর আনন্দ মানে পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, নিজের মানুষগুলোর কাছে থাকা। এই ক’দিন নানা ব্যস্ততা, ছোটাছুটি, সবই চলছে। তবুও কোথাও যেন কোনো ক্লান্তি নেই। কারণ, অনেক দিন পর বাড়িতে আছি, পরিবারের সঙ্গে আছি। আর এই অনুভূতিটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের।”

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভদীপ ভট্টাচার্য্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা আর প্রেজেন্টেশনের ব্যস্ততা পেরিয়ে আমাদের সবারই অপেক্ষা থাকে একটু ঘরে ফেরার এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার। আর সেই ফেরাটা যদি হয় দুর্গাপূজার আনন্দঘন সময়ে, তবে তার অনুভূতি যেন আরও একটু বিশেষ হয়ে ওঠে। সবার মতো আমিও সেই আনন্দেরই একজন অংশীদার। ঘরে ফেরার এই আনন্দ আর উৎসবের আবেশ ছড়িয়ে পড়ুক সবার জীবনে।

সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।”

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট করুন