Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ১১:৩৯ পূর্বাহ্ণ

চাকরি প্রত্যাশীদের দাবি পূরণ, পূজার ছুটিতেও খোলা থাকছে ইবির জব কর্নার

লেখকঃ ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আসন্ন দুর্গাপূজার ছুটিতেও কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্নার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (২০২৬) থেকে ২১ অক্টোবর (২০২৬) তারিখ পর্যন্ত মোট ৪ (চার) দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন এই সময়ে শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় গ্রন্থাগারের শুধু জব কর্নার ০২ (দুই) টি সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আবদুল মজিদ বলেন, “শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছিল, আমি তার পরিপ্রেক্ষিতে বিষয়টা ভিসি স্যারের কাছে উপস্থাপন করি এবং স্যার প্রাথমিক ভাবে আশ্বাস দেন ও নোট আকারে উপস্থাপন করতে বলেন, পরে আমি নোট আকারে দিলে তিনি অনুমোদন দেন। এর ফলস্বরূপ শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত পূজার ছুটিতেও জব কর্নার খোলা রাখার দাবি পূরন হয়। আমি সব সময়ই চেষ্টা করি শিক্ষার্থীদের জন্য কাজ করার। আমাদের ভিসি স্যারও খুবই সচেতন লাইব্রেরি ও জবকর্নারের বিষয়ে যেহেতু এখানেই বেশির ভাগ পড়ুয়া শিক্ষার্থীরা আসে। আমরা শিক্ষার্থীদের যেকোনো দাবী পূরনে যেকোন সময় প্রস্তুত।”

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাসে অবস্থানরত চাকরিপ্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার্থে কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্নার খোলা রাখার দাবিতে সম্প্রতি গ্রন্থাগারিক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই প্রশাসন পূজার ছুটিতে জব কর্নার খোলা রাখার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রিন্ট করুন