খাদ্যমন্ত্রী আফরোজা খানমের অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তার একান্ত সহকারী সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। মন্ত্রীর অগোচরে সরকারি সফরসূচি জারি করে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের এ ঘটনায় দায়িত্ব হারিয়েছেন তিনি। এদিকে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রীর এপিএস আবদুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের নিজ বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচিও উল্লেখ করা হয়।
সফরের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি দেওয়া হয় অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। এ সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে। যা সরকারি রীতি বর্হিভূত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এ সফর সম্পর্কে কিছুই জানতেন না খাদ্যমন্ত্রী। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন তিনি। সফরের পরদিন (১২ অক্টোবর) আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে পাঠান মন্ত্রী। সেখানে তাকে অফিস থেকে চলে যেতে বলেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। মন্ত্রীর অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে এভাবে পরিদর্শনে যাওয়ার বিষয়টি জানার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এপিএস আবদুল আওয়াল বুলবুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে ফোন না ধরলেও তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠালে তিনি ফিরতি মেসেজে জানান, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল অন্যায় ও অবৈধভাবে সুযোগ-সুবিধা না পেয়ে সম্পূর্ণ মিথ্যা, অসত্য বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার করছে। সব শুভাকাঙ্ক্ষী ও শুভান্যধায়ীদের সব প্রকার অসত্য অপপ্রচার থেকে সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। মহান রাব্বুল আলামিন সব বিপদগামীদের সঠিক পথের হেদায়েত দান করুন। আমিন। ইনশাআল্লাহ, সত্যের জয় হবেই।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, তাকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় তিনি বিব্রত। এ কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।