Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ , ১১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৬ , ১০:০০ পূর্বাহ্ণ

পবিপ্রবিতে চালু হচ্ছে বিআরটিসির ডাবল ডেকার বাস

লেখকঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে বলে জানা গেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষামূলক যাত্রা পরিচালিত হয়। তবে নিয়মিত চলাচলের জন্য আরও উন্নতমানের দুটি বাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, ডাবল ডেকার বাস চালুর মাধ্যমে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে লাঘব হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিদ্যমান সমস্যা সমাধানেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীবান্ধব ও আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন