পটুয়াখালীর দুমকিতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পায়রা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন এলাকায় টানা এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে পায়রা নদীর বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়া, আলগী, রাজাগঞ্জ ও চান্দখালী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশের অবাধ বিচরণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে দুমকির পায়রা নদীতেও মৎস্য বিভাগের নজরদারি ও অভিযান চলছে।