Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১২, ২০২৬ , ৩:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২৬ , ১:৫৫ অপরাহ্ণ

দেবিদ্বারে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা দেবিদ্বারে যানজট নিরসন ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় শতাধিক দোকান উচ্ছেদ এবং পাঁচটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবিদ্বার নিউমার্কেট এলাকার পান বাজার, তরকারি বাজার ও ফল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পান বাজারের মোড়ে জনস্বার্থে স্থাপন করা পৌরসভার টিউবওয়েল ঢেকে রেখে দোকান পরিচালনা করায় দুটি ফলের দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ করায় দুটি চায়ের দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা এবং উল্টো পথে চলাচলের দায়ে এক অটোরিকশাচালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবিদ্বার উপজেলা সদরের প্রধান সড়কগুলোর বিভিন্ন অংশ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী দোকান বসিয়ে ভাড়া দিচ্ছেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। তাঁদের মতে, জনস্বার্থে এ অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, কোনো পূর্বনোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। এতে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের মালামাল ট্রাক ও ভ্যানে তুলে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “যানজট নিরসন ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এর আগেও বহুবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অভিযানের কয়েক দিন পরই ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার সড়ক ও ফুটপাত দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা শুরু করেন।”

তিনি আরও বলেন, “এবারের অভিযানের পর কেউ পুনরায় সড়ক ও ফুটপাত দখল করলে তাঁর বিরুদ্ধে জেল-জরিমানা—দুটিই করা হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন