Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১১, ২০২৬ , ১:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১১, ২০২৬ , ১১:১৬ পূর্বাহ্ণ

নওগাঁর তিলকপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখকঃ নওগাঁ সংবাদদাতা:

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ওলিপুর গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে এক হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। বৈঠকে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

মো. ইয়াছিন আলী নান্নু তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এর আগে তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি স্থানীয় মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন।

উঠান বৈঠকে এলাকাবাসীর উদ্দেশে ইয়াছিন আলী নান্নু বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তিলকপুর ইউনিয়নের মানুষের সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইউনিয়ন পরিষদের সেবা সহজলভ্য করা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় হয়রানি কমানো এবং মানুষের অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার উদ্যোগ নেব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও এলাকাবাসীর পাশে থাকতে চাই। তাঁদের প্রত্যাশা, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে তিলকপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু জাকারিয়া তিতু, একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের কিবরিয়া সুমন এবং নওগাঁ জেলা প্রচার দলের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক মাহমুদ নিহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাট, নাগরিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

প্রিন্ট করুন