মাদারীপুরের শিবচরে জোরপূর্বক বাড়ির জমি দখলের পায়তারা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শনিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।ভুক্তভোগী পরিবারের পক্ষে মাহবুব খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার নিজ বাড়ির প্রায় ৮০ শতাংশ জমি ক্রয়সূত্রে গত ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। পুরো জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরাও করা রয়েছে। অথচ একই এলাকার সুজন কবিরাজ, ফিরোজা বেগম, খুকু সরদারসহ কয়েকজন দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিজেদের দাবী করে জোরপূর্বক দখলের পায়তারা করছেন। বিভিন্নভাবে হুমকিও দেয়া হচ্ছে পরিবারটিকে। সম্প্রতি
নিজেদের বাড়ির কয়েকটি গাছ কাটেন মাহবুব খানের পরিবার। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের সম্মান ক্ষুন্ন করতে মাদক কারবারি, মানব পাচারকারীসহ বিভিন্ন মিথ্যা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ প্রচার চালিয়ে যাচ্ছেন।
মাহবুব খান আরও বলেন, খুকু সরদার গং দাবি করছেন, এসএ খতিয়ান নম্বর ৪৪৯-এর অধীনে তাঁর ২৫ শতাংশ জমি রয়েছে, যা খান পরিবার দখল করেছে। তাঁর দাবি অনুযায়ী, এসএ দাগ নম্বর ৪২৯, ৩৫০ ও ৪৪৭-এ ওই জমি রয়েছে। অথচ ওই খতিয়ানে তাদের কোন নাম নেই। এসএ খতিয়ান নম্বর ৩৪৭, আরএস খতিয়ান নম্বর ৪২৬ এবং বিআরএস খতিয়ান নম্বর ৪৪৪-এর ভিত্তিতে মাহবুব খানের পরিবার জমির মালিকানা ও ভোগদখল করছেন। এ ছাড়া তাঁদের নামে নতুন মিউটেশন খতিয়ান নম্বর ২০২৬১০০০২৮ রয়েছে বলেও জানান তাঁরা।
পরিবারটির দাবী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।