মহালয়া উপলক্ষে নেত্রকোণা শহরের তিনটি মন্দির ও আশ্রমে চণ্ডীপাঠ, মাতৃবন্দনা ও মহিষাসুর মর্দিনী পরিবেশনার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা স্মরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে শহরের সাতপাই কালীবাড়ী মন্দির, বড়বাজার বটতলা মন্দির ও সাতপাই রামকৃষ্ণ আশ্রমে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
সকালে শহরের সাতপাই কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে ‘শারদ আকাশে আগমনী সুর’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নেত্রকোণা কালীবাড়ী পরিচালনা কমিটি। সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া এ আয়োজনে পরিবেশনা করে আনন্দধাম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, নেত্রকোণা।
এর আগে ভোর ৫টা ৫০ মিনিটে শহরের বড়বাজার বটতলা মন্দির প্রাঙ্গণে চণ্ডীপাঠ ও মাতৃবন্দনার আয়োজন করে সনাতন ধর্ম চক্র। একই সময়ে সাতপাই রামকৃষ্ণ আশ্রমেও মহালয়া উপলক্ষে মহিষাসুর মর্দিনী পরিবেশনা করা হয়।
আয়োজকেরা জানান, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমনের আবাহন জানানো হয়। এ দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গোৎসবের সূচনাপর্ব হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।
ধর্মীয় আচার, চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়।
তিনটি স্থানের এসব আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণা শহরে শারদীয় দুর্গোৎসবের আগমনী আবহ তৈরি হয়েছে।