কুমিল্লা দেবিদ্বারে নানির বাড়িতে বেড়াতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ড সংলগ্ন অটো ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কুমিল্লামুখী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে যাত্রী আরমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার অজ্ঞাতনামা চালক আহত হন।
দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সকাল ১০টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহত আরমান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। তিনি সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লায় আসেন। পরে কুমিল্লা থেকে সিএনজিচালিত অটোরিকশায় নানার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চরবাকর এলাকায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
এদিকে নাতির মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন তাঁর ৭০ বছর বয়সী নানি রাবেয়া খাতুন। নাতির মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, তাঁর স্বামী ও ছেলে কেউ বেঁচে নেই। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। নাতি আরমানই তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। নাতির মৃত্যুতে তাঁর শেষ অবলম্বনটুকুও হারিয়ে গেল।
রাবেয়া খাতুন আরও জানান, আরমানের তিন বছর বয়সী আরিয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। তাঁর স্ত্রী স্বপ্না বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আজকালের কন্ঠ/আর এস