Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৮, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৬ , ৭:০৩ অপরাহ্ণ

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন

লেখকঃ উত্তর জেলা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুরাদনগর উপজেলা পরিষদের নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

ধর্মমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। কোনোভাবেই কোনো দুষ্কৃতকারীকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ পূজামণ্ডপে বা পূজা উদযাপনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ সৃষ্টি করার সুযোগ নেই। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্তে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি।

সভাপতির বক্তব্যে ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বি বলেন, মুরাদনগর ও বাঙ্গরার মানুষ সৌভাগ্যবান। কারণ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই এলাকারই সন্তান।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো অবস্থাতেই সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউএনও আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। উপজেলা প্রশাসন পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, মুরাদনগর থানার এসআই সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আজিজ মোল্লা, আব্দুর রহিম, ব্যবসায়ী সৈয়দ কায়েস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন