জনসেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ অভিযোগের ধরন ও প্রতিকার সম্পর্কে পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের ১৪তম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ গ্রাম পুলিশদের এ বিষয়ে প্রশিক্ষণ দেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন নির্বাচিত গ্রাম পুলিশ অংশ নেন।
প্রশিক্ষণে সেবা প্রার্থীর অধিকার, নির্ধারিত সময়ে ও নির্ধারিত ফিতে যথাযথ সেবা পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি সেবা প্রদানে বিলম্ব অসৌজন্যমূলক আচরণ ঘুষ ও অনিয়মিত অর্থ দাবি পক্ষপাত ও বৈষম্য এবং তথ্য প্রদানে অস্বীকৃতির মতো অভিযোগের ধরন সম্পর্কে গ্রাম পুলিশদের ধারণা দেওয়া হয়।
এ সময় কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য এবং কোনগুলো গ্রহণযোগ্য নয়, সে বিষয়েও আলোচনা করা হয়। সরকারি দপ্তরে সেবা প্রদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ গ্রহণযোগ্য হলেও আদালতে বিচারাধীন কোনো বিষয় সাধারণত অভিযোগ হিসেবে গ্রহণযোগ্য নয় বলে প্রশিক্ষণে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় গ্রাম পুলিশের অনুমোদিত পদ ১৫০টি। এর মধ্যে বর্তমানে ১৪৫ জন কর্মরত রয়েছেন। তাঁদের মধ্য থেকে ৪০ জন চৌকস গ্রাম পুলিশকে বাছাই করে মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণের ১৪তম দিনের সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।