রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আন্তঃবিভাগীয় হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) ও ম্যানেজমেন্ট বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিভাগ দুটির নারী দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত ৩০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
এরপর ম্যাচের ফল নির্ধারণে অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়। তবে অতিরিক্ত সময়েও দুই দলের কেউ গোলের দেখা না পাওয়ায় ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটের আয়োজন করা হয়। সেখানেও দুই দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। ফলে এককভাবে কোনো দলকে বিজয়ী ঘোষণা না করে এফইএস ও ম্যানেজমেন্ট, দুই বিভাগকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুই বিভাগের নারী খেলোয়াড়রাও পুরো ম্যাচজুড়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। গোল না হলেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বজায় ছিল মাঠে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ জুনায়েদ কবির। এছাড়া উপস্থিত ছিলেন এফইএস বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, এবং অত্র বিভাগের অন্যান্য শিক্ষকেরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা আরও বিকশিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফাইনালে শেষ পর্যন্ত কোনো দল এককভাবে জয় না পেলেও উভয় দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সে প্রতিযোগিতাটি হয়ে ওঠে উপভোগ্য। পেনাল্টিতেও সমতা থাকায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় রাবিপ্রবির আন্তঃবিভাগীয় হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার এবারের ফাইনাল।