পৌরসেবার মান বাড়ানো, পরিচ্ছন্নতা জোরদার এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাউফল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও পৌরসভা কার্যালয়ের উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাউফল পৌরসভা মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমদের সভাপতিত্বে সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কাজের খোঁজখবর নেন। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় পৌরসেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, সেক্রেটারি মো. নুরুল আলম, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, এমপির ব্যক্তিগত সচিব আব্দুল্লাহ আল নোমান, শিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি মো. কামরুজ্জামান কাজল, উপজেলা জামায়াতের সহকারী দপ্তর সম্পাদক রাকিব হাসানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।