পটুয়াখালীর দুমকিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
পূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকলের সম্মিলিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।