Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৬, ২০২৬ , ২:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৬, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফয়সল আমিন

লেখকঃ জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় দলটির চূড়ান্ত প্রার্থী নিয়ে তৈরি হওয়া জটিলতা অনেকটাই কেটে গেছে। জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করায় মির্জা ফয়সল আমিনের ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার পথ এখন প্রায় পরিষ্কার।

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ওবায়দুল্লাহ মাসুদ নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিনসহ ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

দুই নেতার মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

সোমবার ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের নাম পাঠানোর বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছে। এখন নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম জমা দেওয়া এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির পাশাপাশি আরও চার প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে। তাঁরা হলেন—১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

 

 

 

প্রিন্ট করুন