Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ১০:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৬ , ৭:৪৪ অপরাহ্ণ

এক মাস ধরে পানির নিচে চন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

লেখকঃ রাসেল মিয়া, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ এক মাস ধরে জমে আছে হাঁটুসমান পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নোংরা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বাড়ছে মশা, জোঁক ও সাপের উপদ্রব। ফলে চরম স্বাস্থ্যঝুঁকি ও আতঙ্কের মধ্যে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে ২৪৬ জন কোমলমতি শিক্ষার্থীকে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। তবে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা ও জোঁকের উপদ্রব বেড়েছে। মাঝে মধ্যে সাপও দেখা যাওয়ায় আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা বন্ধ রয়েছে। পাশাপাশি নিয়মিত প্রাত্যহিক সমাবেশও করা যাচ্ছে না। নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

এদিকে বিদ্যালয়টিতে রয়েছে তীব্র শ্রেণিকক্ষ সংকট। ২৪৬ জন শিক্ষার্থীর জন্য বিদ্যালয় ভবনে রয়েছে মাত্র তিনটি কক্ষ। ফলে সীমিত জায়গায় গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। দ্রুত উদ্যোগ না নিলে বর্ষা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

এ অবস্থায় বিদ্যালয়ের মাঠ মাটি দিয়ে ভরাট, স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে চন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

প্রিন্ট করুন