Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ৯:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৬ , ৭:০৮ অপরাহ্ণ

ডোমারে হোটেলে সমন্বিত অভিযান, নিষিদ্ধ কেমিক্যাল ধ্বংস

লেখকঃ নীলফামারীর ডোমার প্রতিনিধি :

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি মেডিকেল মোড় এলাকায় একটি হোটেলে সমন্বিত অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হোটেল মালিককে সতর্কতামূলক জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) ডোমার উপজেলার বোড়াগাড়ি মেডিকেল মোড় এলাকায় অবস্থিত রিফাত হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নীলফামারী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর সমন্বয়ে পরিচালিত অভিযানে হোটেলটির খাবার প্রস্তুত ও সংরক্ষণ ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়।

অভিযানে দেখা যায়, হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। এছাড়া পরোটা, সিঙ্গারা ও পুরি তৈরিতে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাইকার্বোনেট (সাল্টু) ব্যবহার, খাবার তৈরিতে শিল্প লবণ ব্যবহার এবং লেখাযুক্ত কাগজে খাবার সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। একই সঙ্গে হোটেলটির হালনাগাদ লাইসেন্সও পাওয়া যায়নি।

এসব অনিয়মের কারণে হোটেল মালিককে সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানের সময় ব্যবহৃত নিষিদ্ধ কেমিক্যালও ধ্বংস করা হয়।

পরে হোটেল মালিকপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবে না মর্মে অঙ্গীকার করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন