Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ২:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৬ , ১২:৪০ অপরাহ্ণ

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লেখকঃ মোঃ রাজিবুল ইসলাম , দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে আনন্দ র‌্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা পৃথক কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে ‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে’—এই বার্তাকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দুমকি, পটুয়াখালীর উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এদিকে ‘শিক্ষকের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও মো. দেলোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর লস্কর, পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা বেগম, সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক এবং একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত ও একটি মানবিক, দক্ষ এবং আলোকিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের অবদানের যথাযথ স্বীকৃতির পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন