Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৪, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০২৬ , ২:০৮ অপরাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

মাদারীপুরের কালকিনিতে পোস্ট মাস্টার মরহুম আঃ সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতি করে আত্মসাৎ, নতুন করে ক্রয়কৃত জমিতে অর্ধ কোটি টাকা চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও প্রকৃত ওয়ারিশরগণ এবং ক্রয়কৃত মালিকপক্ষ।

রবিবার দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ক্রয় সূত্রে মালিক ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দল আলীম।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পালক পুত্র লাল মিয়া ১৯৫৪ সালে সামাদ সরদারের মৃত্যুর পর তৎকালীন ভূমি জরিপে নিজেকে ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নাম তোলে এবং পরবর্তীতে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তগত করে। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আদালত ও দুদকের তদন্তে জালিয়াতি প্রমাণিত হয় এবং লাল মিয়ার ওয়ারিশ সাইদুল কবীর মুকুলসহ অন্যদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ, সাজাপ্রাপ্ত হওয়ার পরও হয়রানি থামেনি। সামাদ সরদারের উত্তরসূরিদের বিক্রি করা ১৯.৩৬ শতাংশ জমির ক্রেতা ও স্বত্বাধিকারীদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না পেয়ে তারা পেশিশক্তি ব্যবহার করে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একাধিক স্থানীয় সালিশ অমান্য করায় পরিবারটি সঠিক তথ্য প্রকাশ ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দুল আলীম, স্ত্রী তানিয়া খানম, প্রতিবেশী খায়রুল বাসার প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন