ডেঙ্গুর বিস্তার রোধে ঝালকাঠিতে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে আটটি মামলা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে র্যালি, মোবাইল কোর্ট, লার্ভিসাইড স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দিলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি