পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।
পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলার কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়। তবে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। ট্রলার থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম চলছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি