Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩, ২০২৬ , ৮:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৬ , ৬:১২ অপরাহ্ণ

দেবিদ্বারে দিনমজুর শফিকুল হত্যার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে দিনমজুর শফিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোদাইচর বটতলী বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা শফিকুল ইসলাম হত্যার ঘটনায় অভিযুক্ত লিমন ও নিশাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির মৃত মহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করতেন এবং সেই আয় দিয়ে সংসার চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ের মালিকানা নিয়ে শফিকুলের সঙ্গে লিমন ও তার স্বজনদের বিরোধ হয়। ওই দিন বাড়ির পাশে নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে লিমন (৪৭) ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাকে বাঁশ কাটতে বাধা দেন।

এ সময় শফিকুল নিজের বাঁশঝাড় থেকেই বাঁশ কাটছেন বলে দাবি করলে প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে ঘর থেকে দা, ছুরি ও হাতুড়ি এনে শফিকুলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, লিমন শফিকুলকে চেপে ধরে রাখেন এবং নিশাদ হাতুড়ি দিয়ে আঘাত ও দা দিয়ে কোপ দেন। পরে লিমন ছুরি দিয়ে শফিকুলের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে লিমন, তার ভাই নজরুল ইসলাম ও নজরুলের ছেলে নিশাদকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যার পর রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লিমনকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, ঘটনার পর লিমনের ভাতিজা নিশাদ পলাতক রয়েছে। পরদিন অভিযান চালিয়ে নজরুল ইসলামকেও আটক করা হয়েছে।

শনিবারের মানববন্ধনে বক্তব্য দেন মো. ময়নাল হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম, মাস্টার কাইয়ুম, হাজী জাকির হোসেন ও নিহতের স্ত্রী নার্গিস আক্তার। এ সময় শহিদুল ইসলাম, মেহেদী হাসান, আবুল কালাম, ব্যাংকার মো. ফারুক, মো. শাহআলম, নিহতের বড় ভাই নুরুল ইসলাম, মো. শাহজান, মো. ইউনুস, আবুল হোসেন, শরীফ ও শাহিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘শফিকুল হত্যা মামলার তিন আসামির মধ্যে দুজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে, এতে কোনো সমস্যা নেই। তবে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে—এটি ঠিক হয়নি। এ ঘটনায় কেউ মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন