Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩, ২০২৬ , ৬:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ

নেত্রকোনা ৫৪০ মণ্ডপে মহাসমারোহে চলছে দুর্গাপূজার আয়োজন

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগর ও আয়োজকেরা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণের কাজ। রাত-দিন পরিশ্রম করে দেবী দুর্গার প্রতিমায় পূর্ণ অবয়ব দিচ্ছেন কারিগরেরা। তবে উপকরণের দাম বাড়ায় বাড়ছে নির্মাণ ব্যয়, কাঙ্ক্ষিত লাভ থাকছে না তাদের। এদিকে পূজারিরা বলছেন, এবার প্রস্তুতি চলছে বেশ জাকজমকতায়। অন্যদিকে উৎসব নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

খড়, বাঁশ, মাটি, সুতলি, তার আর লোহার কাঠামো, এসব উপকরণেই ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। মণ্ডপে মণ্ডপে এখন শুধুই ব্যস্ততা। কারিগরের হাত থামছে না। কেউ তৈরি করছেন প্রতিমার কাঠামো, কেউ দিচ্ছেন মাটির প্রলেপ। দিন-রাত চলছে একটানা কাজ। পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে নেত্রকোণার ৫৪০টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আর এই বিপুল আয়োজনকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তবে প্রতিমা তৈরির সঙ্গে বেড়েছে কারিগরদের খরচের হিসাবও। প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় আগের তুলনায় বেড়েছে নির্মাণ ব্যয়। ফলে দিন-রাত পরিশ্রম করেও প্রত্যাশিত লাভ থাকছে না বলে জানান তারা।

এদিকে পূজাকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। পূজারীদের প্রত্যাশা, উৎসবের দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল। কাঁসরের শব্দে মুখর হবে চারপাশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে এবারের দুর্গোৎসব।

দূর্গোৎসব নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপগুলোতে নেয়া হবে নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছেন পূঁজা উদযাপন পরিষদের নেতারা। আর প্রশাসন বলছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হবে নজরদারি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপের আয়োজন-সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ধর্ম যার যার, উৎসব সবার- এই প্রত্যাশায় শান্তি, সম্প্রীতি আর উৎসবের আবহে দুর্গোৎসব উদযাপনের অপেক্ষায় নেত্রকোণাবাসী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন